আল্লাহ সব কিছু দেখেন, সবকিছু শোনেন, আল্লাহ প্রকাশ্য ও গোপন সব কিছুর স্বাক্ষীঃ বিশ্বাস ও অবিশ্বাস -আইনুল বারী

১১৪.আল্লাহ সব কিছু দেখেন, সবকিছু শোনেন, আল্লাহ প্রকাশ্য ও
গোপন সব কিছুর স্বাক্ষীঃ বিশ্বাস ও অবিশ্বাস 
-আইনুল বারী
------------
আল্লাহ সব কিছু দেখেন, সবকিছু শোনেন, আল্লাহ প্রকাশ্য ও 
গোপন সব কিছুর স্বাক্ষীঃ বিশ্বাস ও অবিশ্বাস
 -----------

নৈতিকতার ভিত্তি হিসেবে ধর্মকে যারা অস্বীকার করে, তাদের কাছে মানবিক মূল্যবোধ ও তার মানদন্ড ব্যক্তিগত বিবেচনার বিষয়, যেখানে নিজেই নিজের প্রধান বিচারক। নিশ্চয় মানুষ শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই চলে, তবে পরম সত্তার স্বীকৃতি বিশ্বাসী ও অবিশ্বাসীর মাঝে সুস্পষ্ট ব্যবধান এনে দেয় । যদি এক পরম সত্তার প্রতি পবিত্র বিশ্বাস এনে উন্নত নৈতিক জীবন যাপনের চেষ্টা করি, তা হলে দেখবো আচরণে-কাজে কতো অসামান্য পরিবর্তন এসেছে। তা যেনো এক পরশ পাথরের ছোঁয়া।

(২) কুর'আনে বারবার এসেছে, আল্লাহ সব কিছু দেখেন, সবকিছু শোনেন, আল্লাহ মানুষের প্রকাশ্য ও গোপন সব কিছু জানেন, সবকিছুরই স্বাক্ষী আল্লাহ। এ কথাগুলি একজন অবিশ্বাসীর কাছে কোনো তাৎপর্য বহন করে না। ফলে তাদের ভেতরের ও বাইরের দ্বিমুখী সত্তার বৈপরীত্য জেনে ফেলার কেউ নেই ভেবে তারা আস্বস্তিবোধও করে না। অথচ মানুষ কতো কিছুই ভাবে, যা করে তার চেয়ে কতো ভিন্ন চিন্তাই না করে। প্রায় প্রত্যেক মানুষেরই এমন দুর্বলতা আছে। যারা নিশ্চিত ভাবে মনে করে, সব কিছু দেখেন শোনেন এমন পরম সত্তা বলে কিছু নেই, তাদের নৈতিক অধঃপতনের সকল পথ থাকে অবারিত।

(৩) আমরা যদি একে অন্যের ভিতরের সব কিছু দেখতে পেতাম, শুনতে পারতাম, জানতে পারতাম, হয়তো আজকের পৃথিবী ভীষণ অন্যরকম হতো, কোনো মানুষ কোনো মানুষকে বিশ্বাস করতে পারতো না, নির্ভর করতে পারতো না, ভালোবাসতে পারতো না। ঘৃণা-প্রতিশোধ-অবিশ্বাসের আগুনে পৃথিবী এক ভয়াবহ অশান্তির দোযখে পরিণত হতো। মানুষের সৃষ্টিকর্তার প্রতি অবিশ্বাস তার গোপন পাপাচার-মিথ্যাচার- প্রতারণাকেই যত্নে লালন করছে। অবিশ্বাস অবিশ্বাসীদেরকে এ প্রত্যয় এনে দেয় যে, মানুষ তার গোপনীয়তা নিজেই রক্ষা করতে পারে। তাই আমৃত্যু নিজের অপরাধ লুকিয়ে রাখার জন্যে গোপনীয়তার সাধনা অবিশ্বাসীদের এক গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায়।

(৪) বিশ্বাসীদের জন্যে কঠিন হয়ে পড়ে পাপকে গোপনীয়তার মাঝে লুকিয়ে রাখা। কেননা তাকে স্বীকার্য সত্যের মতো মেনে নিতে হয়,আল্লাহ সব কিছু দেখেন, সবকিছু শোনেন, আল্লাহ প্রকাশ্য ও গোপন সব কিছুর স্বাক্ষী। কোনো প্রতিহিংসাপরায়ণ চিন্তা, অন্যায় গোপন কামনা-বাসনা, পরিকল্পনা, সবার কাছে গোপন থাকলেও আল্লাহ'র কাছে গোপন নেই। তিনি প্রতিটি মানুষের জীবনের প্রতিটি মূহূর্তের সার্বক্ষণিক স্বাক্ষী। তাঁকে সামনে রেখে কীভাবে সম্ভব লজ্জিত-শংকিত না হয়ে অপরাধ করে যাওয়া ! কিন্তু আমরা প্রবৃত্তির মানুষ, তাই বারবার ভুল করি, বড় অপরাধও  করে ফেলি, তারপর অনুশোচনা করি, আর নিজেকে শুধরে নেয়ার অবিরত চেষ্টা চালিয়ে যাই। একেই বলে ধর্মচর্চা।

(৫) অবিশ্বাসীদের জীবনে যেহেতু সর্বজ্ঞ পরম সত্তা বলে কেউ নেই, তাই তাদেরকে একে অন্যের মন জয় করতে পরচর্চার সাহায্য নিতে হয়, কখনো মিথ্যা প্রশংসা করতে হয়, বলতে হয়, ঐ লোকটি কতো খারাপ, সে কতো ভালো। বিশ্বাসীদের কাছে পরচর্চার ও মিথ্যা প্রশংসার প্রয়োজন নেই, চারিত্রিক সনদ ও ছাড়পত্রের প্রয়োজন নেই, নিজেকে জাহির করতে বা অন্যের বিশ্বাস অর্জনের জন্যে অক্লান্ত পরিশ্রমের কোনো প্রয়োজন নেই। শুধু একটি কথাই সে উচ্চারণ করতে পারে, আল্লাহই স্বাক্ষী সে যা করেছে।

এভাবেই এক পরম সত্তা বিশ্বাসীদের উন্নত নৈতিক জীবন গড়ার সোজা পথ দেখান।

Comments

Popular posts from this blog

'শুন হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।' : আমি মানুষ বনাম আমি মুসলমান-আইনুল বারী

অপব্যাখ্যাত আয়াত ৪ঃ৩৪- স্ত্রীকে প্রহার করা কি ইসলামে অনুমোদিত?-আইনুল বারী

is it true, some of the Qur'anic verses were copied from Imru'u Al-Qays' ode? -আইনুল বারী(Ainul Bary)